গাজায় আরও ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা
ডেস্ক রিপোর্ট ::
ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরাইলের বৃহস্পতিবার থেকে ৪ দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হওয়ায় অবরুদ্ধ গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
হামলার ৪৮তম দিনে বৃহস্পতিবারের এ হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে বলে কাতারের পক্ষ থেকে জানা গেলেও আজকের আগে তা সম্ভব হবে না বলে জানিয়েছে ইসরাইল। খবর আলজাজিরা, রয়টার্স, বিবিসির।৪ দিনের যুদ্ধবিরতি বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা থাকিলেও হামাসের পক্ষ থেকে অতিরিক্ত দাবি তোলায় তা বিলম্বিত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
কিন্তু সেই অতিরিক্ত দাবির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। এ যুদ্ধবিরতির বিলম্বের সুযোগে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লেনার বিবিসিকে জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত ঘোষণার পর সরকারের কাছ থেকে নির্দেশনা পেলেই তারা লড়াই বন্ধ করবেন। তিনি জানান, নির্দেশনা না পাওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে তাদের হামলা চলবেই।