সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

হাজি সেলিমের ছেলেকে নিয়ে উদ্বিগ্ন নন স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান মানিক

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-০৯ ১২:৩৭:৩৯

ডেস্ক রিপোর্ট :: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আলোচিত হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম। তবে তাকে নিয়ে কোনো ভয় কাজ করছে না বলে মন্তব্য করছেন ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী লালবাগ ওয়ার্ডের কমিশনার হাসিবুর রহমান মানিক। শনিবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল কার্যক্রম শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের যে প্রার্থী মনোনীত হয়েছেন, তাকে নিয়ে আমি ভয় পাচ্ছি না। আমি একমাত্র আল্লাহকে ভয় করি। দীর্ঘদিন রাজনীতি করে বর্তমানে এ অবস্থানে এসে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, জনগণের ভোট এবং ভালোবাসা আমি পাবো।

আপিলের বিষয়ে তিনি বলেন, আবেদন করার পর আমাকে বলা হয়েছিল কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করতে। তখন আমি জানিয়েছিলাম, এটি কোনো লাভজনক পদ নয়, নিয়ম অনুযায়ী মেয়রকে পদত্যাগ করতে হয়। অবশ্য পরবর্তীতে নির্বাচন কমিশন তা মেনে নিয়েছেন, পদত্যাগ করার প্রয়োজন পড়েনি।

'তাছাড়া যেসব ভোটারের তথ্য দিয়েছিলাম, কমিশন থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে কিছু ভোটারের আইডি নাম্বার ও স্বাক্ষর নেই। তো আমি সবকিছু মিলিয়ে আপিল করেছি, আশা করছি কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করবে'।

উল্লেখ্য , এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

SStv