পৃথিবী থেকে দ্রুত ফুরিয়ে যাবে অক্সিজেন!
আন্তর্জাতিক ডেস্ক ::
পৃথিবীতে প্রাণ থাকার অন্যতম প্রধান কারণ হলো অক্সিজেন। অক্সিজেন ফুরিয়ে গেলে মানবজাতিও ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ‘মৃত্যু’ হবে প্রায় পাঁচশো কোটি বছর পর। তবে বিজ্ঞানীরা ধারণা করছেন, তার অনেক আগেই পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে।
পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ২১ শতাংশ অক্সিজেন দিয়ে তৈরি। নিউ অলটাস নামে বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক এক ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, নতুন গবেষণায় দেখা গেছে, ১০০ কোটি বছরের মধ্যেই ফুরিয়ে যাবে বায়ুমণ্ডলে থাকা বেশির ভাগ অক্সিজেন! কিন্তু কত দিন পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা থাকবে, তা বোঝার জন্য গবেষণা চালিয়েছিলেন জর্জিয়া টেক এবং তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দুই বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পৃথিবীর জলবায়ু, জৈবিক এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়া, সূর্যের ঔজ্জ্বল্য-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছিলেন। কী ভাবে বায়ু এবং পানিতে থাকা অক্সিজেনের মাত্রা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তা নিয়েও গবেষণা চালান ওই গবেষকের দল।
সমস্ত পরীক্ষানিরীক্ষা চালিয়ে গবেষকরা পর্যবেক্ষণ করেন, পৃথিবীর বায়ুমণ্ডল থাকা অক্সিজেনের আয়ু সম্ভবত ১০০ কোটি বছরের কিছু বেশি। বিজ্ঞানীদের ধারণা ১০০ কোটি বছর পর থেকেই দ্রুত হ্রাস পাবে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অক্সিজেনের মাত্রা। প্রায় ১১০ কোটি বছর পর বায়ুমণ্ডলের অক্সিজেনের মাত্রা মাত্র এক শতাংশে নেমে আসতে পারে বলেও গবেষকদের অনুমান। বিজ্ঞানীরা জানিয়েছেন, অক্সিজেন ফুরোনোর প্রধান কারণ হবে সূর্য। তাদের মতে, ‘বৃদ্ধ’ হওয়ার পাশাপাশি সূর্যের তাপ এবং উজ্জ্বলতা আরও বাড়বে, যা পৃথিবীপৃষ্ঠের তাপমাত্রা অনেক গুণ বাড়িয়ে দেবে। পৃথিবীর তাপ বাড়লে বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডও অতিরিক্ত গরমের কারণে ভেঙে যাবে। এই দু’টি কারণে, গাছপালা বেঁচে থাকতে পারবে না।