গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৯০
আন্তর্জাতিক ডেস্ক ::
অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক মানুষ। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়ার একটি মেডিকেল ভবনেও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, রোববারের হামলায় জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের একটি আবাসিক ব্লকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। কয়েক ডজন মানুষ এখনও নিখোঁজ রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের অনেককে কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিস্থিতিকে ‘সম্পূর্ণ ভীতিকর দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে এবং কামাল আদওয়ান হাসপাতালের ধ্বংসকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছে।