উখিয়ায় অস্ত্রসহ ৯ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজারে উখিয়ার ক্যাম্প থকে ৯ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন এপিবিএন সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে উখিয়ার ৪ নম্বর ও ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড রাইফেলের গুলি জব্দ করা হয়।
তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে ৪ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকে। পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে ৬ রাউন্ড শটগানের সিসা কার্তুজ ফায়ার করে। পরবর্তীতে রোহিঙ্গা ইউনুসের ঘরের পেছনের পরিত্যক্ত ঘর থেকে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।
গ্রেপ্তারকৃত ৫ রোহিঙ্গা হলেন ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. হানিফ (৩০), একই ক্যাম্পের আবদুর রশিদের ছেলে মনির আহমদ (৩৫), আবদুল মাবুদের ছেলে আব্দুল হামিদ (২৩), আজিজুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (১৯) ও ৭ নম্বর ক্যাম্পের রশিদ উল্লাহর ছেলে জাহিদ আলম (২৭)।
আরেক অভিযানে ৩ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানেও সন্ত্রাসীরা গুলি করে। পরে এপিবিএন সদস্যরা ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকেও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন ওই ক্যাম্পের আবুল হোসেনের ছেলে হামিদ হোসেন (২৮), মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (অপ্রাপ্তবয়স্ক), মৃত বশির আহমদের ছেলে হাসিম উল্লাহ (২৭) ও জাহিদ হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২২)।