সোমবার, ০১ জুন ২০২৬ | জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩

সোমবার, ০১ জুন ২০২৬
জ্যৈষ্ঠ ১৮, ১৪৩৩
গণসংযোগকালে ঈগল মার্কার প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার

দুর্দিনে আপনারা সবার আগে আমাকে পাশে পাবেন

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১২-২৩ ১৯:৩৫:৫০

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসনের ঈগল মার্কা প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর শহরের সিনেমা হল রোড, টিএনটি মোড়ে ৯নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার, জালশুকা, ফুলবাড়ি ও ছয়ঘরিয়াসহ ইউনিয়ন জুড়ে বিকেল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করেন দিলীপ কুমার আগরওয়ালা। এসময় বেশ কয়েকটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি। ইউনিয়ন কৃষক লীগ নেতা শফিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালাম শাহীনের নেতৃত্বে এ গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন দিলীপ কুমার আগরওয়ালা। এর আগে জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের সভাপতিত্বে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯নং ওয়ার্ডের অফিস উদ্বোধন করা হয়। গণসংযোগ ও অফিস উদ্বোধনকালে শত শত নেতা-কর্মী উপস্থিত হয়ে ঈগল প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয়ব্যক্ত করেন।

গণসংযোগকালে দিলীপ কুমার আগরওয়ালা নারী-পুরুষ নির্বিশেষে সবার কাছে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ার অঙ্গীকারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন। 

এসময় দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নিজেদের সততা দিয়ে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদীয় এলাকাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো। তাই ঈগল মার্কায় ভোট দিন, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাকে স্মার্ট হিসেবে গড়ে তুলুন। আমি আপনাদের সারাজীবনের সুখ-দুঃখের সাথী হতে এসেছি। আমি আপনাদের কথা দিচ্ছি দুর্দিনে আপনারা সবার আগে আমাকে পাশে পাবেন।

তিনি আরও বলেন, আপনারা জানেন ঈগল পাখি খুব দ্রুত গতির পাখি। আমি এই মার্কায় ভোট করছি। তাই আপনারা আমাকে নির্বাচিত করলে দেখবেন ঈগলের মতো দ্রুত গতিতে আপনাদের এলাকায় উন্নয়ন হবে। চুয়াডাঙ্গা জেলা স্মার্ট জেলা হিসেবেও গড়ে তুলবো। তাই আগামী ৭ জানুয়ারি সব ভেদাভেদ ভুলে ঈগল মার্কায় ভোট দিন।

গণসংযোগ, পথসভা ও অফিস উদ্বোধনকালে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান এড আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের নেতা এড শফিকুল ইসলাম শফিসহ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের ঈগলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

SStv