এসএসসি পরীক্ষায় বই দেখে উত্তর, বহিষ্কার ৬ শিক্ষার্থী ও ৮ শিক্ষক
এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বই দেখে উত্তর লেখার দায়ে ঝালকাঠির নলছিটিতে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৮ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) নলছিটি উপজেলার ভরতকাঠী জি.আর. মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন সময় এ ঘটনা ঘটে। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম পরীক্ষার হলে সরেজমিনে গিয়ে বই দেখে পরীক্ষা দেওয়ার প্রমাণ পান এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন।
এ ঘটনায় চারজন পরীক্ষার্থীকে এসএসসির বাকি সকল বিষয়ের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি কেন্দ্র সচিব ও পরীক্ষার দায়িত্বে থাকা আটজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
কেন্দ্র সচিব ফিরোজ আলম জানান, পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে ওই আট শিক্ষককে ভবিষ্যতের পরীক্ষায় দায়িত্ব না দেওয়ার সুপারিশ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন—কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হক।
এদিকে জেলার রাজাপুর উপজেলার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্রেও একই ধরনের অনিয়ম ধরা পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা ভিজিল্যান্স টিমের সদস্যের উপস্থিতিতে কক্ষ পরিদর্শকদের সহযোগিতায় দুই পরীক্ষার্থী নকলসহ ধরা পড়লে তাদেরও বহিষ্কার করা হয়।
নলছিটি ইউএনও নজরুল ইসলাম জানান, “শিক্ষার মান রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অসদুপায় বরদাশত করা হবে না। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”