সহকারী শিক্ষকরা পাবেন ১২তম গ্রেড, প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড; দীর্ঘদিনের দাবি পূরণের পথে
প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড বাড়ছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সুখবর আসছে। তাদের বেতন গ্রেড একধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডে এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত হবেন। ফলে দীর্ঘদিনের বেতন বৈষম্যের অভিযোগ অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
সূত্র জানায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমেদের নেতৃত্বাধীন 'প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়ন পরামর্শক কমিটি'র সুপারিশ এবং উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে শিক্ষকদের নতুন গ্রেডে অন্তর্ভুক্তির নির্দেশ দিয়েছে। পাশাপাশি বেতন স্কেল উন্নীতকরণের প্রস্তাবও চাওয়া হয়েছে।
পরামর্শক কমিটি তাদের প্রতিবেদনে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে সরাসরি 'শিক্ষক' পদ চালুর সুপারিশ করে। এতে প্রাথমিক পর্যায়ে ১২তম গ্রেডে নিয়োগ এবং দুই বছর পর চাকরি স্থায়ী করে আরও দুই বছর পরে ‘সিনিয়র শিক্ষক’ পদে উন্নীত করার কথা বলা হয়েছে, যার বেতন গ্রেড হবে ১১তম। প্রধান শিক্ষকদের জন্য সুপারিশ করা হয়েছে ১০ম গ্রেড নির্ধারণের।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এখন অধিদপ্তরের প্রস্তাবের ভিত্তিতে বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। চূড়ান্ত অনুমোদন মিললে শিক্ষকদের নতুন বেতন কাঠামো কার্যকর হবে। এতে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন ও মর্যাদা বৃদ্ধির আশা করা হচ্ছে।