দাবি পূরণের আগে আন্দোলন থামাবে না পলিটেকনিক শিক্ষার্থীরা
ছয় দফা দাবিতে কয়েকদিন ধরে চলমান আন্দোলনের মধ্যেই পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন সুরে কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাবে বলে জানিয়েছে। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা বলছেন, এমন কোনো সিদ্ধান্ত তারা নেননি।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে। ছয় দফা দাবি পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
তবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কেন্দ্রীয় প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান জানান, “আমাদের ছয় দফা দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু আমরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেইনি। এ বিষয়ে আমরা দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে অবস্থান স্পষ্ট করব।”
উল্লেখ্য, পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে সারাদেশে কর্মসূচি চালিয়ে আসছে। এরমধ্যে রয়েছে—চার বছরের ডিপ্লোমা ডিগ্রির স্বীকৃতি, ইঞ্জিনিয়ার উপাধির ব্যবহার, শিল্পকারখানায় কর্মসংস্থানে বৈষম্য দূরীকরণ ইত্যাদি।