বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | অগ্রাহায়ণ ৪, ১৪৩৩

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
অগ্রাহায়ণ ৪, ১৪৩৩

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় BCDS-এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৬-১১-১৮ ১৩:৪৫:২৮

ডেস্ক রিপোর্ট :: 

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (BCDS)-এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বাংলামটরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি কাউন্সিলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে  বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, ঢাকা জেলা শাখা। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ঔষধ ব্যবসায়ীদের পেশাগত উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে BCDS-এর দীর্ঘদিনের অবদান রয়েছে। তাই সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন কাম্য নয়। তাঁরা অবিলম্বে সিদ্ধান্তটি প্রত্যাহার করে পূর্বের মতো যৌথভাবে কোর্স পরিচালনার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তারা আরো বলেন, আমাদের দাবি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়; এটি দেশের ঔষধ ব্যবসায়ী সমাজের পেশাগত অধিকার, মর্যাদা ও দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা রক্ষার দাবি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মইনুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ ইকবাল লস্কর, মোঃ তোফাজ্জল হোসেন, পরিচালক মোঃ জসিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান ও মোঃ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা শাখার সভাপতি শফিউদ্দিন আহমেদ, ঢাকা জেলা শাখার সদস্য মোঃ দিদারুল আলম ও খন্দকার মোজাম্মেল হক সানি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক পরিচালকবৃন্দ, ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দ, উপশাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ঔষধ ব্যবসায়ীবৃন্দ।

এসময় বেশ কিছু দাবি জানানো হয়। উত্থাপিত দাবিসমূহ:

১. ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় BCDS-এর দীর্ঘদিনের সম্পৃক্ততা বহাল রাখতে হবে।

২. বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ১৮ অক্টোবর ২০২৬ তারিখের ৮৬তম সাধারণ সভার সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহার করতে হবে।

৩. ঔষধ ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করতে হবে।

৪. দেশের ফার্মেসি খাতের প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন ও দীর্ঘদিনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।


বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (BCDS):

দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি যৌথভাবে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনা করে আসছে। দেশের ঔষধ ব্যবসায়ীদের পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণ উন্নয়নে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ১৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ৮৬তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত কোর্স পরিচালনায় BCDS-এর সম্পৃক্ততা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা ও অধিকার পুনর্বহালের দাবিতে ঔষধ ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

SStv