রোববার, ১৬ আগস্ট ২০২৬ | ভাদ্র ১, ১৪৩৩

রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভাদ্র ১, ১৪৩৩

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল, এক দিনে মৃত্যু ৮

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-১১-১৬ ১৯:৫৫:২২

ডেস্ক রিপোর্ট ::

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮ টা-শনিবার সকাল ৮ টা) তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০১ জনে দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ৫৯৫ জন।

আজ শনিবার ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত তথ্য বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচজন, উত্তর সিটি করপোরেশনের দুজন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন—ঢাকা বিভাগে ২৩৮ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৬ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন, বরিশাল বিভাগে ১১৯ জন, খুলনা বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছরের জুলাই থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। ওই মাসে ডেঙ্গুতে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন। পরের মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৫২১ জনে। সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ গুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭।

এর মধ্যে অক্টোবরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। ওই মাসে ১৩৫ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন। আর মারা গেছেন ৯২ জন ডেঙ্গু রোগী। উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

SStv