ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
ফরিিদপুর প্রতিনিধি ::
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে বাসচালকের মৃত্যু হয়েছে। মো. কালাচাঁদ (৫০) নামে ওই চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির নিবন্ধন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কে দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।=
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফরিদপুর মোটর ওয়ার্কশপ ইউনিয়নের (১০৫৫) সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াস বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে রাত ১টা ৪৫ মিনিটের দিকে ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁদ (৫৫)। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, আগুনে নিহত বাসচালকের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বাসে অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।