সয়াবিন তেলের বাজারে আগুন, লিটারপ্রতি দাম ১৮৯ টাকা
দেশের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনায় আয়োজিত এক সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
তিনি বলেন, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটার বোতলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, পূর্বমূল্য ছিল ৮৫২ টাকা।
এছাড়া, খোলা সয়াবিন ও পাম তেলের দামও বাড়িয়ে প্রতি লিটার ১৬৯ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।
এর আগে সর্বশেষ গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, ঈদের আগেই গত ২৭ মার্চ মিল মালিকরা সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। তারা বোতলজাত তেলের দাম ১৮ টাকা এবং খোলা তেলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, আমদানি পর্যায়ে কর সুবিধা বাতিল এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণেই এই দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়। অবশেষে আজ দাম বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
প্রসঙ্গত, গত রমজানের আগে সরকার তেলের ওপর শুল্ক-করে ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ৩১ মার্চ। এ পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীরা দাম বৃদ্ধির দাবি জানান।
তবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরবর্তী কর সুবিধার সুপারিশ করে চিঠি দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এখন পর্যন্ত এনবিআর এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।