বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

আমিনুল হকের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল, পেছনে ডেসটিনি গ্রুপ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৫ ১৯:১৬:০৩

আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল, যার নেতৃত্বে রয়েছেন সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী আমিনুল হক। রাজধানীর গুলশানের একটি হোটেলে দলটির আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দলের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের বিশিষ্টজন, পেশাজীবী ও তরুণ প্রজন্মের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আমিনুল হক এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আইনজীবী সায়মা রহমান।

জানা গেছে, নতুন এ রাজনৈতিক উদ্যোগের পেছনে প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান ডেসটিনি গ্রুপের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তার সক্রিয় সহযোগিতা রয়েছে। তবে দলীয় সূত্র বলছে, দলটি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করবে এবং কোনো প্রতিষ্ঠানের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে না।

দলের পক্ষ থেকে এক শুভেচ্ছা বার্তায় জানানো হয়, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে আমাদের দল। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ের গণআন্দোলনের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করছি। ২০ এপ্রিল, আত্মপ্রকাশের এই শুভ দিনে আপনার উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণা হবে।”

উল্লেখ্য, আহ্বায়ক আমিনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং পরবর্তীতে নানা সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এদিকে নিশ্চিত হওয়া গেছে, সদস্য সচিব সায়মা রহমান সম্প্রতি গণফোরাম থেকে পদত্যাগ করেছেন। দলটির সভাপতি বরাবর জমা দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, “আমি সায়মা রহমান, ব্যক্তিগত কারণে গণফোরাম থেকে পদত্যাগ করছি এবং একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী।”

SStv