বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

‘রোডম্যাপ নেই’— প্রধান উপদেষ্টার বৈঠক থেকে হতাশ হয়ে ফিরল বিএনপি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৬ ১৪:২৬:৩৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর যমুনা রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় পৌনে দুই ঘণ্টা। বৈঠক শেষে দুপুর ২টায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন,

"আমরা নির্বাচন প্রসঙ্গে একটি স্পষ্ট রোডম্যাপ প্রত্যাশা করেছিলাম। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সুনির্দিষ্ট কিছু পাইনি। এ নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।"

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির মহাসচিবের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

বৈঠকের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান,

"আমরা প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপসহ রাজনৈতিক সংকটের বিভিন্ন দিক তুলে ধরেছি। আমাদের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্যও দেওয়া হয়েছে।"

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সাক্ষাতের প্রস্তুতি ও আলোচ্য বিষয়ের রূপরেখা নির্ধারণ করা হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিরোধী দলের এই সরাসরি সংলাপ আগামী জাতীয় নির্বাচনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

SStv