বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত : শফিকুর রহমান

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৬ ১৯:০৫:৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি জানান, বৈঠকে রাজনৈতিক ও মানবিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন প্রতিনিধি দল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কবে ও কীভাবে হবে তা জানতে চেয়েছে।

শফিকুর রহমান বলেন, “তারা জানতে চেয়েছে, আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব নিই, তাহলে আমাদের কোনো নীতিমালা আছে কিনা। আমরা সবকিছু স্পষ্টভাবে তাদের জানিয়েছি।”

বৈঠকে নারী অধিকার, শ্রমিক অধিকার এবং মানবিক ইস্যু নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার বিষয়ে জানতে চেয়েছে বলেও জানান জামায়াত আমির। একইসঙ্গে প্রধান উপদেষ্টা ইউনূসের দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতি তারা পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী।

SStv