ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
ডেসটিনি গ্রুপের আলোচিত ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল আমীনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’। নতুন এই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন ফাতিমা তাসনিম।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ঘোষণাপত্র পাঠ করেন মোহাম্মদ রফিকুল আমীন।
ঘোষণাপত্র পাঠের শুরুতেই মোহাম্মদ রফিকুল আমীন বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে চলেছে। তিনি বলেন, দেশের মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ আ-আম জনতা পার্টি অগ্রণী ভূমিকা রাখতে চায়।
রফিকুল আমীন আরও জানান, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে দলটি সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন, এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালতে রাজনৈতিক প্রভাব নিরুৎসাহিত করার লক্ষ্যে কাজ করবে।
দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম স্বাগত বক্তব্যে বলেন, দেশের রাজনৈতিক সচেতনতা বাড়াতে না পারলে ফের স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘আমরা আওয়ামী স্বৈরাচার দলকে বিতাড়িত করেছি। ভবিষ্যতেও কাউকে স্বৈরাচার হতে দেব না।’
সংবাদ সম্মেলনে ২৯৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিসহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।