বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

সংবিধান সংস্কার প্রস্তাবের ২৫টিতে একমত বিএনপির

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৭ ১৪:৫৫:১১

সংবিধান সংস্কারের জন্য প্রস্তাবিত ২৫টি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার প্রস্তাবের ২৫টির সঙ্গে আমরা একমত হয়েছি, ২৫টিতে আংশিক মত দিয়েছি এবং বাকি প্রস্তাবগুলোর সঙ্গে দ্বিমত পোষণ করেছি।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে সংশোধনীসহ মৌলিক প্রস্তাবগুলো নিয়ে আমরা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করব। যা যৌক্তিক, সেটাই বাস্তবায়ন করবো। প্রয়োজন হলে আবারও আলোচনা বসবো।’

বিচার বিভাগের সংস্কারে প্রস্তাবিত ৮৯টি ধারার বিষয়ে মতামত জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। এই প্রক্রিয়াটা যেন সম্পূর্ণভাবে সাংবিধানিক হয়, সেটাই আমাদের দাবি।’

নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘নির্বাচন ব্যবস্থার সংস্কারে অধিকাংশ প্রস্তাবেই সংশোধনী দিয়েছি। এনআইডি ও সীমানা নির্ধারণ নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত।’

বৈঠকে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সংস্থাপন সচিব মনিরুজ্জামান খান অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ গঠনে কাজ করছে কমিশন। গণতন্ত্রের জন্য বিএনপির অবদান গুরুত্বপূর্ণ।’

পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কার একটি চলমান ও অনিবার্য প্রক্রিয়া। সময়ের পরিবর্তনে সমাজ ও রাষ্ট্র কাঠামোরও পরিবর্তন প্রয়োজন। আমরা ভালো করতে চাই, তবে খুব ভালো করতে গিয়ে যেন সময়ক্ষেপণ না হয়।’

তিনি বলেন, ‘বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল করেনি। বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার—সবই বিএনপির অবদান।’

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সাবেক বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের প্রথম বৈঠক হয়। এরপর ২০ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে কমিশন। এ পর্যন্ত তারা ১১টি দলের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছে।

SStv