বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

বাংলাদেশকে নিয়ে কূটনৈতিক বার্তা, বাণিজ্য সংঘাতে যেতে চায় না ভারত

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-১৭ ১৮:২০:৩৬

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ চায় না ভারত—এমন বার্তা দিয়েছে নয়াদিল্লি। যদিও ভারতের মতে, বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্যিক আচরণ সম্প্রতি তেমন ইতিবাচক নয়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ভারত থেকে সুতা আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে এবং স্থলসীমান্ত দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রান্স-শিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে শুধু বন্দর ও বিমানবন্দরের ভিড় কমাতে। এতে নেপাল ও ভুটানে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না।

সম্প্রতি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বৈঠকে মোদী আহ্বান জানান, যেন দুই দেশের সম্পর্ক নষ্ট হয় এমন উস্কানিমূলক বক্তব্য ও সিদ্ধান্ত এড়িয়ে চলা হয়।

ভারত অভিযোগ করেছে, বাংলাদেশ এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছে যা বাণিজ্যিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এর মধ্যে রয়েছে তিনটি স্থলবন্দর বন্ধ, ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা, এবং জানুয়ারিতে বেনাপোল কাস্টমসে বাড়তি নজরদারি।

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা মনে করছেন, ভারত থেকে সুতা আমদানি বন্ধ করা হলে তা খাতটির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

এদিকে, এমন সময়ে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করেছে। ফেব্রুয়ারিতে পাকিস্তান থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

এ নিয়ে ভারতের উদ্বেগ বেড়েছে, বিশেষ করে বাংলাদেশে উগ্রপন্থার খবরে। ইসলামাবাদকে বরাবরই সন্ত্রাসবাদে উৎস হিসেবে দেখে ভারত। এ অবস্থায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক চালু হওয়া ভারতের জন্য আরেকটি সতর্কতার কারণ।

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফরে আসছেন এবং পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার আসছেন আগামী সপ্তাহে।

SStv