নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে না পেয়ে এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই গ্রেপ্তার, পরিবারের ক্ষোভ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে না পেয়ে তার এসএসসি পরীক্ষার্থী ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ—এমন অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।
বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতা এলাকা থেকে সাকিব নামের ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সাকিব ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রায়হানের ছোট ভাই।
ভুক্তভোগীর বাবা মনজুর হোসেন অভিযোগ করেন, “আমার বড় ছেলে রায়হানকে না পেয়ে পুলিশ আমার ছোট ছেলে সাকিবকে ধরে নিয়ে যায়। সে রাজনীতি করে না, শুধু পরীক্ষায় অংশ নিচ্ছে। অথচ তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী হিসেবে মামলায় জড়িয়ে আদালতে পাঠানো হয়েছে। এভাবে একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে।”
ছাত্রলীগ সদস্য রায়হান বলেন, “অপরাধ করলে আমি করেছি, আমার ছোট ভাই কেন ভোগ করবে? তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।”
তবে পুলিশের দাবি ভিন্ন। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, “সাকিবের নামে একটি মামলা রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ। এ ছাড়া তারা রূপগঞ্জকে অস্থির করতে গোপনে বৈঠক করছিল। সেসব কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে এসএসসি পরীক্ষার্থী কি না, তা আমার জানা নেই।”
গ্রেপ্তার সাকিবকে পরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।