মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ | চৈত্র ১৭, ১৪৩২

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
চৈত্র ১৭, ১৪৩২

দেশের রিজার্ভ বেড়ে প্রায় ২৭ বিলিয়ন ডলারে পৌঁছাল

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২০ ২১:২৮:১৯

প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় আবারও চাঙা হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এসে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ এখন ২১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ করা তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ৬৭৩ কোটি ডলার। আর আইএমএফের হিসাব অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ ২ হাজার ১৩৯ কোটি ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের একটি গোপনীয় হিসাব রয়েছে, যাকে বলা হয় ‘ব্যয়যোগ্য রিজার্ভ’। সেই হিসাব অনুযায়ী বর্তমানে দেশের প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ১৫ বিলিয়ন ডলারের বেশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিজার্ভের এই উন্নতির পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে প্রবাসী আয়। চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকেই প্রতি মাসেই বাংলাদেশে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি মার্চ মাসেই সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে ফেব্রুয়ারিতে এসেছিল ২৫৩ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, নভেম্বরে ২২০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, আগস্টে ২২২ কোটি এবং জুলাইয়ে এসেছিল ১৯১ কোটি ডলার।

রিজার্ভের এই ইতিবাচক চিত্র আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে আস্থা বাড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আগামী জুনে আইএমএফের চতুর্থ ও শেষ কিস্তির ঋণ অনুমোদন নিয়েও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে, যা রিজার্ভ বৃদ্ধির পথে আরও সহায়ক হতে পারে।

SStv