রোববার, ১৬ আগস্ট ২০২৬ | ভাদ্র ১, ১৪৩৩

রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভাদ্র ১, ১৪৩৩

পরীমনির বিরুদ্ধে এবার সরাসরি আদালতে গৃহকর্মীর মামলা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২২ ২০:১২:১৭

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাসায় কাজ করা গৃহকর্মী পিংকি আক্তার। মঙ্গলবার (২২ এপ্রিল) এক বছরের শিশু সন্তানের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ এনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এই মামলা দায়ের করেন তিনি। মামলার অপর আসামি হলেন পরীমনির সহবাসী সৌরভ (২৮)। আদালত পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ৮ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, চলতি বছরের মার্চে কাদের এজেন্সির মাধ্যমে পরীমনির বাসায় চাকরি নেন পিংকি। একটি শিশুর দেখভালের কথা থাকলেও তাকে দুটি শিশুর দায়িত্বের পাশাপাশি রান্নার কাজও করতে হতো। ২ এপ্রিল দুপুরে পরীমনি মাদক গ্রহণ করে পিংকির সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে তার মাথা, মুখ ও চোখে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। এতে পিংকি অজ্ঞান হয়ে পড়েন।

জ্ঞান ফিরে আসার পর পিংকি হাসপাতালে নেওয়ার অনুরোধ করলেও পরীমনি ও সৌরভ তা উপেক্ষা করেন। বরং সৌরভ তাকে নির্যাতনে উৎসাহিত করে এবং বাসা ছাড়তে নিষেধ করেন বলে অভিযোগ করেন বাদী। পরে পিংকি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় বাসা ত্যাগ করে এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

ঘটনার পর ৪ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি। কিন্তু কোনো অগ্রগতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন। মামলায় পরীমনি ও সৌরভের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাদী পিংকি আক্তার নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে। এর আগে ৩ এপ্রিলও পরীমনির বিরুদ্ধে ভাটারা থানায় লিখিত অভিযোগ করেছিলেন তিনি।

SStv