রোববার, ২৯ মার্চ ২০২৬ | চৈত্র ১৫, ১৪৩২

রোববার, ২৯ মার্চ ২০২৬
চৈত্র ১৫, ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবি তুললে সরকার পশ্চিমাদের দোহাই দেয়: সারজিস

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৫ ২৩:৫৯:৪৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলে সরকার পশ্চিমা দেশের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। শুক্রবার (২৫ এপ্রিল) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

তিনি প্রশ্ন তোলেন, “যখন শাপলা চত্বর, পিলখানা কিংবা জুলাইয়ে গণহত্যা হয়েছিল, তখন পশ্চিমাদের মানবাধিকার নিয়ে অবস্থান কোথায় ছিল?”

সারজিস জানান, তারা যে দাবিতে শাহবাগে এসেছেন, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, সেটা ২০২৪ সালের আগস্টেই পূরণ হওয়ার কথা ছিল। তবে তিনি কারা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বা কে দায়িত্বে রয়েছে—তা স্পষ্ট করেননি।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আজকের জেনারেশনকে ভয় করতে হবে। যদি তাদের রক্তের ওপর আবেগ নিয়ে খেলা হয়, তাহলে তারাই যে কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে।

সমাবেশে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মোসাদ্দেক ইবনে আলী। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর যে রাজনৈতিক দল তৈরি হয়েছে, তারা বিদেশি দূতাবাসের কাছে আত্মসমর্পণ করেছে। অথচ তারা কোনো বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেনি।

এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিশ্বে বহু ফ্যাসিবাদী দলকে নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও সেই পথেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক।

আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, “আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। সরকারকে বলছি, দ্রুত নিষিদ্ধ করুন, না হলে আপনাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে।”

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গত ১৬ বছরে বহু হত্যাকাণ্ড হলেও কোনো বিচার হয়নি। তিনি আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল না। কিন্তু আমরা শপথ করছি, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, আগামী ১০০ দিন ইনকিলাব মঞ্চ ৬৪ জেলায় যাবে। সরকার যদি কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে ৫ আগস্ট ‘মার্চ ফর বাংলাদেশ’ কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাও করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান, জুলাইয়ের শহীদ মুসলেহ উদ্দিনের স্ত্রী, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্সের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহফুজ, শাপলা চত্বরে নিহত রিয়ানের বোন সোভা, এবং কবি সাম্য শাহ।

SStv