বিএনপি ও তারেক রহমানকে কটুক্তি করায় অষ্টগ্রাম স্থানীয় জনপ্রতিনিধির প্রতিবাদ
অষ্টগ্রাম প্রতিনিধি, কিশোরগঞ্জ ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও স্লোগান দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অষ্টগ্রাম স্থানীয় জনপ্রতিনিধি সৈয়দ ফাইয়াজ হাসান বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু'র পাঠানো খোলা বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ স্লোগান ও কটুক্তির ঘটনা হাওরের গ্রাম থেকে গ্রামান্তরে, প্রতিটি সচেতন মানুষের দৃষ্টিগোচর হয়েছে। হাওর ও গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ধরনের অশালীন মন্তব্য ও স্লোগানের তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক, কিন্তু এর অর্থ এই নয় যে, শালীনতার সীমা অতিক্রম করতে হবে। সুস্থ রাজনীতি চর্চার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য। অশালীন ভাষা ও কটুক্তি কেবল রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে না, বরং সমাজে বিভেদ ও অস্থিরতা বাড়ায়।গ্রামাঞ্চল ও হাওরের শান্তিপ্রিয় মানুষ সবসময়ই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহাবস্থানে বিশ্বাসী। গঠনমূলক সমালোচনা এবং রাজনৈতিক বিতর্ক গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু ব্যক্তিগত বিদ্বেষ ও প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যাচার করা সুস্থ রাজনীতির পরিপন্থী।
দেশের হাওর অঞ্চলের মানুষের প্রতিনিধি হিসেবে প্রতিবাদ জানিয়ে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, রাজনৈতিক কর্মসূচিতে সংযত ভাষা ব্যবহার করুন এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করুন। আমি আশা করি, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না এবং রাজনৈতিক অঙ্গনে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় থাকবে। রাজনৈতিক অঙ্গন ব্যক্তিগত আক্রমণ বা বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্র নয়। যারা এই ধরনের অশালীনতা ও কুরুচিপূর্ণ স্লোগানের মাধ্যমে সমাজে বিভেদ সৃষ্টি করতে চাইছেন, তাদের মনে রাখা উচিত যে দেশের সাধারণ জনগণ এমন অপতৎপরতাকে কখনোই সমর্থন করে না। অহেতুক উস্কানি এবং কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকুন। অন্যথায়, আপনাদের এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে বাধ্য হবে। সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে।