গাজীপুর জেলা কারাগার
কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
বিশেষ প্রতিনিধি :
গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের (আইডি: ১৩৪৯৯) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন। কারারক্ষী আব্দুস সাত্তারের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়।
অভিযোগকারীদের দাবি, কারাগারে প্রায় সব ধরনের গুরুত্বপূর্ণ পোস্টিং ও ডিউটিতেই আব্দুস সাত্তারের প্রভাব রয়েছে। কোনো কর্মকর্তা বা কর্মচারী নির্দিষ্ট পোস্টিংয়ে দায়িত্ব পালন করতে চাইলে তাকে অর্থ দিতে হয়। অভিযোগে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডে তার স্ত্রী ও জেল সুপার রফিকুল কাদের খোকনেরও সম্পৃক্ততা রয়েছে। অর্থ না দিলে বদলির ভয়ভীতি প্রদর্শন করা হয়।
অভিযোগে বলা হয়, নতুন চাকরিতে যোগদানের মাত্র ছয় মাসের মধ্যেই আব্দুস সাত্তার সিআইডি ডিউটিতে দায়িত্ব পান, যা নিয়ে সহকর্মীদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি একাধিকবার সিআইডি ডিউটি করে বিপুল পরিমাণ অবৈধ অর্থ আদায় করেছেন। এছাড়া মোবাইল ডিউটি, সাক্ষাৎ কক্ষ, স্লিপ লেখা, আরপি ডিউটিসহ বিভিন্ন দায়িত্বে থেকেও অনিয়মের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
এছাড়া অভিযোগে দাবি করা হয়, বন্দিদের কাছ থেকে ৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত অর্থ আদায় করা হয়। দাবি অনুযায়ী অর্থ দিতে না পারলে সংশ্লিষ্ট বন্দিকে কাশিমপুর কারাগারে চালান পাঠানোর হুমকি দেওয়া হয়। আব্দুস সাত্তার নিজেকে প্রভাবশালী দাবি করে বিভিন্ন সময়ে বলেন, তার বিরুদ্ধে আইজি প্রিজন্স বা ডিআইজি প্রিজন্সও কোনো ব্যবস্থা নিতে পারবেন না। একই সঙ্গে গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের খোকনও তার সাথে আছেন বটবৃক্ষ হয়ে।
এ বিষয়ে অভিযোগকারীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে সম্পৃক্ত করার দাবি জানিয়েছেন।
গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, 'আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। আমাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই একটি মহল এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ছড়াচ্ছে।'