সরকার পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে
ডেস্ক রিপোর্ট ::
বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে সরকার বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
প্রেস সচিব বলেন, বিগত সরকারের সময় উন্নয়নের ‘গালগল্প’ অনেক হয়েছে, কিন্তু সেই উন্নয়ন কোথায়। তার ভাষ্য, অনেক ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের আমলে অবনতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অবনতি হয়েছে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের। তিনি বলেন, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন না হলে কোনো ক্ষেত্রেই উন্নয়ন সম্ভব নয়।
সালেহ শিবলী বলেন, কথায় নয়, কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে নিজেই কাজ করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে দলেরই হোক, যে মতেরই হোক, মতাদর্শ যাই হোক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন। তার মতে, মতের পার্থক্য ব্যালটে হতে পারে, কিন্তু দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে হতে হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী অপসংস্কৃতি থেকে বের হয়ে এসেছেন। কোথাও কারও কোনো বন্দনা করেন না, যা আগে অহরহ দেখা যেত। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনবিচ্ছিন্ন হচ্ছেন না; মানুষের সঙ্গে মিশে কাজ করছেন। জনসম্পৃক্ততা বাড়াতে তিনি প্রতি মাসেই ঢাকার বাইরে কোনো না কোনো জেলায় যাচ্ছেন।
বাজেট প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, এবারের বাজেট সরকারের একটি অর্জন। তার দাবি, বাজেট পাস হওয়ার পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনে অস্থিরতাও বাড়েনি। তার ভাষায়, এটি একটি জীবনবান্ধব বাজেট।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।