শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | চৈত্র ২১, ১৪৩২

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
চৈত্র ২১, ১৪৩২

ফেসবুক লাইভে বক্তব্য দিয়ে আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন তামিজী

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-০৯-১৭ ২১:১৮:২৩

ডেস্ক রিপোর্ট  :: 

বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা সেই আদম তামিজী হক দল থেকে বহিষ্কার হচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে দলের বিরুদ্ধে কথা বলেছেন। হক গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক আদম তামিজী হক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের প্রধান উপদেষ্টা।

রোববার (১৭ সেপ্টেম্বর) এই ইস্যুতে জরুরি বৈঠকে বসে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। কমিটির সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির বাসায় অনুষ্ঠিত হওয়া বৈঠকে তামিজী হককে বহিষ্কারের বিষয়ে মত দেন মহানগরের নেতারা।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ছেন বলেন, তার ভিডিওটি আমাদেরকে যথেষ্ট বিব্রত করেছে। কার সঙ্গে কার কী হয়েছে, এটা আমাদের জানার দরকার নেই। তিনি বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়েছেন, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি দলীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। আওয়ামী লীগের বিষয়েও অনেক নেতিবাচক কথা বলেছেন। এসব কারণে আমরা তাকে বহিষ্কারের সুপারিশ করব। কাদের ভাই সিঙ্গাপুরে। তিনি এলে দেখা করে অনুমতি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শেখ বজলুর রহমান আরও বলেন, আজকে কচি ভাইসহ আমরা ১০-১২ জন নেতা একমত হয়েছি।

নেতাকর্মীরা জানায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আদম তামিজী হকের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, আদম তামিজী হক বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলছেন। এ সময় তিনি বলতে থাকেন, আওয়ামী লীগের একজন নেতা ছিলাম আমি। আওয়ামী লীগ আমার ১ হাজার কোটি টাকা মেরে দিয়েছে। আমাকে দেশ ছাড়া করেছে। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর চেষ্টা করছে। যার কারণে আমি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করলাম। এদেশের নাগরিকত্ব আর চাচ্ছি না। কারণ, এদেশের নাগরিক হওয়ার যোগ্যতা আমার নেই।

উল্লেখ্য, তামিজী হকের অভিযোগ, গাজীপুরে টঙ্গীতে হক গ্রুপের কারখানা দখলের জন্য প্রতিমন্ত্রীর চাচা স্থানীয় মতিউর রহমান মতি এবং হক গ্রুপের বরখাস্তকৃত চিফ অপারেশনাল অফিসার (সিওও) মোশফাকুর রহমান রোমেল মিলে ষড়যন্ত্র করছেন।

SStv