আজকে আমাদের অস্তিত্ব হুমকির মুখে : কাদের
ডেস্ক রিপোর্ট ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমাদের অস্তিত্ব হুমকির মুখে। একটি অশুভ শক্তি অস্থিরতার ডাক দিচ্ছে, এগুলোকে প্রতিহত করতে হবে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চারিদিকে অশান্তি, অত্যাচার, পরিবেশ আমাদের অনুকূলে নয়। বর্তমানে রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে উঠছে। মানুষের মধ্যে কি হবে কি হবে অবস্থা চলছে। আগের অশুভ ঘটনাগুলো কষ্ট দিয়েছে। এসব ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না।
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ৪ নভেম্বর স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে। মেট্রোরেল উদ্বোধন (আগারগাঁও থেকে মতিঝিল) উপলক্ষে। সেই সমাবেশে ফখরুল সাহেবকে দাওয়াত। জীবনে কোনোদিন মেগা প্রকল্প করতে পারেননি। আগারগাঁও থেকে মতিঝিল মহাযাত্রা, ফখরুল সাহেবকে দাওয়াত।
আগামী ২৮ অক্টোবর বিএনপির ঘোষিত সমাবেশের বিষয়ে কাদের বলেন, ২৮ অক্টোবর আমাদেরও কর্মসূচি আছে। বিকেলে বায়তুল মোকাররমে জনতার ঢল নামবে। বিএনপি কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে। ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরে তাদের সমাবেশে অশ্ব ডিম্ব হবে।