বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | বৈশাখ ৩১, ১৪৩৩

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
বৈশাখ ৩১, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু বোমায় মারা যেতে পারে রাশিয়ার ৩ লাখ মানুষ!

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-০৬ ১০:৫৪:২৭

ডেস্ক রিপোর্ট :: 

জাপানের হিরোশিমা শহরে ব্যবহৃত পারমানবিক বোমার চেয়েও ২৪ গুণ শক্তিশালী বোমা বানানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই পরমাণু বোমা রাশিয়ার রাজধানী মস্কোয় ফেলা হলে সেখানকার ১ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ৩ লাখ মানুষ মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন গত মাসে নতুন পরমাণু বোমা বানানোর ঘোষণা দিয়েছে। ঘোষণায় বলা হয়, আমেরিকা বি-৬১ পরমাণু বোমার নতুন সংস্করণ বানানোর পরিকল্পনা নিয়েছে; যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন এই পরমাণু বোমার শক্তি হবে ৩৬০ কিলোটন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা শহরে ব্যবহৃত বোমার চেয়ে ২৪ গুণের বেশি শক্তিশালী। নিউজউইক বলছে, এই বোমা যদি মস্কো শহরের ওপর ফেলা হয় তাহলে ৩ লাখ ১১ হাজার ৪৮০ জন মানুষ মারা যাবে। আর আহত হবেন ৮ লাখ ৬৮ হাজার ৮৬০ জন রাশিয়ান। আর যদি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের ওপর ফেলা হয় তাহলে ৩ লাখ ৬০ হাজার ১৫০ জন মানুষ মারা যাবে।

ম্যাগাজিনটিতে আরও বলা হয়েছে, এই পরমাণু বোমা যেখানে ফেলা হবে তার আধা মাইল ব্যাসার্ধের মধ্যে সবকিছু ভস্ম হয়ে যাবে। এছাড়া বিস্ফোরণের এক কিলোমিটারের মধ্যে যত ভবন ও মানুষ থাকবে তার সবকিছু চুরমার হয়ে যাবে। আর বিস্ফোরণের দুই মাইলের মধ্যে যে সমস্ত মানুষ থাকবে তারা উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার কারণে এক মাসের মধ্যে মারা যাবেন। এছাড়াও এই হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ শতাংশ মানুষ ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগে মারা যাবেন।

SStv