দ্বাদশ জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি : তফসিলকে স্বাগত জানিয়ে আ.লীগের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক ::
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ওই নির্বাচনের তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল-এ কথা জানান। এ-সময় তিনি জাতির উদ্দেশ্য ভাষণ দেন। এদিকে, ওই নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ শোভামিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ-সময় ওই নগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর, দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজসহ বিভিন্ন স্তরের নগর নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক শোভামিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া, আনন্দ শোভা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা-ওয়ার্ড নেতারা।
জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর র্যাংকিন স্ট্রিট এলাকায় ওয়ারী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুর নেতৃত্বে, ডেমরার স্টাফ কোয়াটার মোড়ে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে, শাহবাগে শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনের নেতৃত্বে, লালবাগে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে শোভা মিছিল অনুষ্ঠিত হয়।