বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৮১২৫ টাকা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৩-১১-২৭ ১০:৫৩:৫৫

ডেস্ক রিপোর্ট :: 

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দামে এক হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে এক লাখ আট হাজার ১২৫ টাকা। এর আগে কখনো দেশের বাজারে সোনার এতো দাম হয়নি।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ২৭ অক্টোবর এবং ৬ ও ১৯ নভেম্বর আরও তিন দফা সোনার দাম বাড়ানো হয়। এরমধ্যে সবশেষ গত ১৯ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দামে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। এতে এই মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয় ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়।

সোনার দামে নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার মাত্র সাতদিনের মাথায় মূলবান এ ধাতুটির দাম আরও বেড়ে নতুন ইতিহাস সৃষ্টি করলো। রোববার (২৬ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (২৭ নভেম্বর) থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


SStv