মুন্সীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪
ডেস্ক রিপোর্ট :
মুন্সীগঞ্জ সদরে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধরা হলেন- রিজভী আহমেদ রাসেল ও তার স্ত্রী রোজিনা বেগম, তাদের তিন বছরের ছেলে রাইয়ান আহমেদ এবং রিজভীর মা সাহিদা খাতুন। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
আজ শনিবার সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মোহিসন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মু. সোহেল রানা রানু জানান, সকালে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় রিজভী আহমেদ রাসেল, রোজিনা বেগম ও তাদের শিশু সন্তান রাইয়ান আহমেদকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।