বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | চৈত্র ১৯, ১৪৩২

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
চৈত্র ১৯, ১৪৩২

ব্যালন ডি’অর জিতবেন কে, জানা যাবে আজ

প্রকাশিত: ২০২২-১০-১৭ ১৩:৫৮:১০

স্পোর্টস ডেস্ক :: 

গত মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৬ ম্যাচে ৪৪ গোলের দুর্দান্ত পারফরম্যান্স করে ফুটবল বিশ্বের সব আলো নিজের করে নিয়েছেন দলটির ফরাসি তারকা করিম বেনজেমা। আক্রমণভাগে দ্যুতি ছড়িয়ে দলকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছেন তিনি।

তাই এবারের ব্যালন ডি’অর জয়ী হিসেবে ফরাসি এই ফরোয়ার্ডের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। কারণ গত আগস্ট থেকে এ বছরের জুলাইয়ের পারফরম্যান্স হিসাবেই তৈরি করা ৩০ জনের সংক্ষিপ্ত নামের তালিকায় সবচেয়ে উজ্জ্বল তিনিই।

এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে দুটি হ্যাটট্রিকসহ ১৫ গোল করার সুবাদে এরই মধ্যে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। ক্লাবের পাশাপাশি ফ্রান্স জাতীয় দলেও ছন্দে ছিলেন তিনি। আজ সোমবার (১৭ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘোষণা করা হবে ২০২১-২২ মৌসুমের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। এবার যদি বেনজেমার হাতে ব্যালন ডি’অর ওঠে, তবে পঞ্চম ফ্রেঞ্চম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।

এর আগে ব্যালন ডর বিজয়ী ফরাসি খেলোয়াড়রা হলেন রেমন্ড কোপা (১৯৫৮), মিশেল প্লাতিনি (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫), জ্যাঁ পিয়েরে পাপিন (১৯৯১) ও জিনেদিন জিদান (১৯৯৮)। ব্যালনের লড়াইয়ে আছেন গত মৌসুমে বায়ার্ন মিউনিখে খেলা রবার্ট লেভানদোস্কি। জার্মান ক্লাবটির হয়ে গত কয়েক মৌসুমে রীতিমতো ‘গোলমেশিন’ হয়ে ওঠেন লেভানদোস্কি। লিগে সর্বোচ্চ ৩৫ গোল করে বায়ার্নকে টানা দশম লিগ শিরোপা জেতাতে বড় অবদান রাখেন।

এদিকে ২০০৫ সালের পর প্রথমবারের মতো তালিকায় জায়গা হয়নি সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির। সেই তালিকায় মেসির ক্লাব সতীর্থ নেইমারও নেই। তারা না থাকলেও সংক্ষিপ্ত তালিকায় আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড খারাপ সময় কাটালেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো। মৌসুমে ৩৯ ম্যাচ খেলে গোল করেন ২৪টি।

এ ছাড়া ব্যালন ডি’অরের এই লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার লুকা মদরিচ, ভিনিসিয়াস জুনিয়র, লিভারপুলের মোহাম্মদ সালাহ, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন ও পিএসজির কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।

SStv