পাকিস্তানে ফের জঙ্গি হামলা, নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক ::
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় একটি আঞ্চলিক পুলিশ সদর দফতর এবং দুটি সেনা পোস্টে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় চার অফিসার এবং তিন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো আট কর্মকর্তা। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। এসময় পাল্টাপাল্টি গোলাগুলিতে এইসব হতাহতের ঘটনা ঘটে।
অঞ্চলটিতে এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি থানার প্রধান ফটকে একটি গাড়ি বিস্ফোরণ ঘটানোর তিন দিন পর এই হামলার ঘটনা ঘটলো। ওইদিনের বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় ২৩ কর্মকর্তা নিহত হন, যা চলতি বছরে সেনাদের ওপর করা সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
স্থানীয় পুলিশ প্রধান ইফতিখার শাহ বলেছেন, ডেরা ইসমাইল খানের ট্যাঙ্ক শহরে পুলিশ সদর দফতরে হামলায় দুই পুলিশ কর্মকর্তা ‘শহীদ’ এবং অন্য তিনজন আহত হয়েছেন। এসময় দুই হামলাকারীও নিহত হয়েছে। তিনি আরো বলেন, পাশের একটি সেনা পোস্টে হামলার সময় সেনাদের হাতে তৃতীয় জঙ্গি নিহত হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সেলিম খান বলেছেন, এ ঘটনার কয়েক ঘন্টা পরই আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার অঞ্চলে একটি সামরিক চৌকিতে হামলা চালায় পাকিস্তানি তালেবানরা। এতে দুই সেনা নিহত এবং আরো পাঁচজন আহত হয়।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এর আগে, মঙ্গলবার গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তানি, যা টিটিপির একটি শাখা বলে মনে করা হয়।