রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
ডেস্ক রিপোর্ট ::
রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আল মামুন (৪৮) নামে এক আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে বিমানবন্দর থানা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, গুরুতর আহত অবস্থায় আল মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক জানিয়েছেন, উত্তরা নির্বাচন অফিস থেকে বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে রাতেই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মামুন মানিকগঞ্জের সাটুরিয়া থানার আমলী গ্রামের মো. শামসুল হকের ছেলে। তিনি মোহাম্মদপুরে তাজমহল রোডের ৭/১২ নম্বর বাসায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।