বড়দিনের উৎসবে গির্জায় গির্জায় প্রার্থনা
ডেস্ক রিপোর্ট ::
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে। দেশের সব গির্জাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খিস্টান ধর্মাবলম্বীরা বড়দিনের উৎসব পালন করছেন। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল আটটায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়। প্রার্থনায় যিশুর মহিমাকীর্তন এবং শান্তি ও ন্যায়ের কথা বলা হয়। এসময় বিশ্বশান্তির জন্য প্রার্থনাও করা হয়।
বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন গির্জায় খ্রিস্টজাগ ও প্রার্থনার আয়োজন করা হয়। তেজগাঁও ধর্মপল্লি গির্জায় (ফার্মগেট) সকাল ৭টা ও সকাল ৯টায় খ্রিস্টজাগ ও প্রার্থনার আয়োজন করা হয়, লুর্দের বাণী গির্জাতেও (মহাখালী) সকাল ৯টায় প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া মিরপুর গির্জায় (বড়বাগ, মিরপুর-২) সকাল ৯টায়, কাফরুল ধর্মপল্লিতে সকাল ৯টায়, ঐশ করুণা গির্জায় (ভাটারা) সকাল ৮টায়, ডি ম্যানেজড গির্জায় (নয়ানগর) সকাল ৭টা ও সকাল ৯টায়, সাধ্বী খ্রিস্টিনার গির্জায় (আসাদগেট) সকাল সাড়ে ৮টায়, পবিত্র ক্রুশ গির্জায় (লক্ষ্মীবাজার) সকাল ৯টায়, সেন্ট মেরিস ক্যাথিড্রালে (কাকরাইল) সকাল সাড়ে ৮টায় খ্রিস্টজাগ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।