রোববার, ১৬ আগস্ট ২০২৬ | ভাদ্র ১, ১৪৩৩

রোববার, ১৬ আগস্ট ২০২৬
ভাদ্র ১, ১৪৩৩

জামায়াতের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০১-০১ ২২:২৫:১৯

ডেস্ক রিপোর্ট :: 

তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিবৃতির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‌জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারাদেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি। তিনি বলেন, ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এদিকে আগামী ৭ জানুয়ারির নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধসহ একদফা দাবিতে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২, ৩ ও ৪ জানুয়ারি) সরকারের পদত্যাগ ও ভোট বর্জনের লিফলেট বিতরণের গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার পক্ষে সারাদেশে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে বিএনপি ও সমমনা দলগুলো। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

SStv