শুক্রবার, ১৫ মে ২০২৬ | জ্যৈষ্ঠ ১, ১৪৩৩

শুক্রবার, ১৫ মে ২০২৬
জ্যৈষ্ঠ ১, ১৪৩৩

নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী ফরিদপুরে যাচ্ছেন আজ, উৎসবের আমেজ

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৪-০১-০২ ১১:৪৬:৪৪

ডেস্ক রিপোর্ট :: 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চাইতে আজ ফরিদপুরে জনসভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরিদপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ পাঁচ বছর পর আজ আবার সেখানে যাচ্ছেন তিনি।

বঙ্গবন্ধুকন্যার সফর ঘিরে ফরিদপুরজুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষও। দলটির নেতাকর্মীরা মনে করেন, শেখ হাসিনার এ সফর জেলার চারটি আসনে নৌকার প্রার্থীদের বিজয়ে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠের পূর্বপাশে অস্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি নির্মাণ করা হয়েছে। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ মানুষজন মাঠে প্রবেশের পথ করা হয়েছে। পাশাপাশি শহরজুড়ে হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সমাবেশ মাঠ সংলগ্ন এলাকাজুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্য বর্ধনের জন্য রঙ করা হয়েছে। ফরিদপুর পৌরসভার উদ্যোগে সড়ক পরিষ্কার করা ও সেসব ড্রেনের স্লাবে ত্রুটি আছে সেগুলোসহ রাস্তাঘাটের ছোটখাটো সংস্কার করে শহরের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে প্রায় এক লাখ লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে মাঠে ৫০ হাজার নেতাকর্মীসহ সড়ক এবং আশপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। সভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলছেন, বঙ্গবন্ধুকন্যার কাছে ফরিদপুরের অনেক প্রত্যাশা। তার এই সফরে প্রত্যাশা পূরণের আশ্বাস পাওয়া যাবে বলে মনে করেন শামীম। সর্বশেষ পাঁচ বছর আগে ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুর গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন বিকেলে তিনি রাজেন্দ্র কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলেন।

SStv