এ মাসেই ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ
ডেস্ক রিপোর্ট ::
পূর্বাভাস থাকলেও ডিসেম্বরে দেশের কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যায়নি। সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাই শীতের প্রকোপ তেমন একটা ছিল না। গত মাসে বৃষ্টিও হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তারপরও বছরের শীতলতম মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। সোমবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।