আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
এসএসটিভি ডেস্ক ::
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। লাখো মুসল্লি তুরাগতীরে ইজতেমা ময়দানে অংশ নেন। এসময় ময়দানের বাইরেও বাসে, সড়কে, বাড়ির ছাদে যে যেখান থেকে সম্ভব মোনাজাতে অংশ নিয়েছেন। মোনাজাতে বিশ্বশান্তি, দেশ, জাতি ও মুসলিম বিশ্বের কল্যান কামনা করা হয়।
আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৫৭ মিনিটে মোনাজাত শুরু হয়। ২০ মিনিট স্থায়ী মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন তিনি।
শীত উপেক্ষা করেই মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় ভোর রাত থেকেই। অনেকেই শেষ পর্যন্ত মূল ইজতেমা মাঠে পৌঁছাতে ব্যর্থ হন। বসে পড়েন রাস্তায়, খোলা মাঠে বা বাসার ছাদে কিংবা যানবাহনেই! তবুও তাদের কোনো আক্ষেপ নেই। আখেরি মোনাজাতে যে কোনোভাবে অংশ নিতে পেরেই তারা খুশি।
আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানান মুসল্লিরা। এসময় পাপ থেকে মুক্তির মিনতি জানান মুসল্লিরা। আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেয়া হয়। এরপর সবাই বাড়ির পথে রওনা দিয়েছেন।