সচিবালয়ে বৈঠক ব্যর্থ, আন্দোলন চালিয়ে যাবে পলিটেকনিক ছাত্ররা
দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠক শেষে ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে দৃশ্যমান কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা সন্তুষ্ট নন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ছাত্র প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী বলেন, ‘৮ মাস ধরে আন্দোলন করছি। আমরা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের বাধ্য করা হচ্ছে। সচিবালয়ে গিয়েও প্রতারণার শিকার হয়েছি। অতিরিক্ত সচিব জানতেন না, শিক্ষা উপদেষ্টা উপস্থিত থাকার কথা ছিল। অযৌক্তিক আলোচনা করে আমাদের সময় নষ্ট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদি আন্দোলনে যেতে চাই না, দ্রুত সমাধান চাই। তাই আন্দোলন চালিয়ে যাব, তবে জনদুর্ভোগ যতটা সম্ভব এড়িয়ে।’
পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—
-
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল,
-
জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদে বাধ্যতামূলক ডিপ্লোমা ডিগ্রি নির্ধারণ,
-
কারিগরি পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ,
-
সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন,
-
মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু এবং শিক্ষক পদের জন্য ডিপ্লোমাধারীদের আবেদন সুযোগ,
-
প্রাইভেট সেক্টরে ডিপ্লোমাধারীদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হয়।