রোববার, ২৯ মার্চ ২০২৬ | চৈত্র ১৫, ১৪৩২

রোববার, ২৯ মার্চ ২০২৬
চৈত্র ১৫, ১৪৩২

গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি আটক

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৬ ২২:২৮:১২

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাত শহরে বড় ধরনের অভিযানে এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিশেষ নির্দেশনায় পরিচালিত হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পাকিস্তানি নাগরিক শনাক্তের নির্দেশ দেন। এরপর গুজরাটে অভিযান শুরু হয়। শনিবার (২৬ এপ্রিল) ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানায় ইন্ডিয়া টুডে।

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভির নেতৃত্বে আহমেদাবাদ থেকে প্রায় ৮৯০ জন ও সুরাত থেকে ১৩৪ জন বাংলাদেশি নাগরিক আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আটককৃতদের মধ্যে কেউ কেউ মাদক কারবার, মানবপাচার ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। সম্প্রতি গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশির মধ্যে দুজন আল কায়েদার স্লিপার সেলের সদস্য ছিল বলে দাবি করা হয়।

তিনি আরও বলেন, এসব অভিবাসী পশ্চিমবঙ্গ থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে প্রবেশ করেছিল এবং পরে গুজরাটে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। জাল নথি প্রস্তুতকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সুরাত শহরে ৮ থেকে ১০টি পুলিশের দল রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। বর্তমানে তাদের সুরাত পুলিশ সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সুরাত পুলিশের যুগ্ম কমিশনার রঘবেন্দ্র ভাটস জানিয়েছেন, শনাক্তকরণ প্রক্রিয়া শেষে অবৈধ অভিবাসীদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে। গুজরাট সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, দেশে অবৈধভাবে থাকা এবং তাদের আশ্রয় দেওয়া—দুইটাই কঠোরভাবে দমন করা হবে।

SStv