মোদির বাড়ি পর্যন্ত ধাওয়া করব: হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মোদি সরকার যদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয়, তবে তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করা হবে। খবর জিও নিউজের।
রোববার (২৭ এপ্রিল) এক বক্তব্যে আসিফ বলেন, পুরো পাকিস্তান সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ এবং মোদি সরকারের যেকোনো আগ্রাসনের জবাব পুলওয়ামা ঘটনার মতোই শক্তভাবে দেওয়া হবে। তিনি সতর্ক করে বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি তৈরি করবে।
আসিফ জানান, বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা হয়েছে এবং তারা চাইলে তদন্ত ও অনুসন্ধান চালাতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, মোদি মিথ্যা প্রচারণার জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময়ও একই কৌশল নিয়েছিলেন। তবে পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় গোলাগুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। তদন্ত ছাড়াই ভারতের হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের ঘোষণা দেয়। পাকিস্তান এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানিয়েছে, পানি পাকিস্তানের প্রাণরসায়ন এবং এটিকে অবরুদ্ধ করা হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে।