ভারত-পাকিস্তান উত্তেজনায় শান্তির বার্তা এরদোয়ানের
কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি দুই দেশের প্রতি দ্রুত শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, “পাকিস্তান ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা যেন দ্রুত প্রশমিত হয়—আমরা সেই কামনাই করছি। কারণ আমরা চাই না এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক।”
তিনি আরও সতর্ক করে বলেন, “যদি এখনই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি ভয়াবহ সংকটে রূপ নিতে পারে।” এরদোয়ান দ্বিপাক্ষিক সমঝোতা ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের আহ্বান জানান।
এই সম্মেলনে তিনি শুধু ভারত-পাকিস্তান প্রসঙ্গে নয়, ফিলিস্তিন ইস্যুতেও তুরস্কের অটল অবস্থান পুনর্ব্যক্ত করেন। এরদোয়ান বলেন, “পূর্ব জেরুজালেম, পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনিদেরই ভূমি। ইনশাআল্লাহ, গাজার ভাইবোনেরা সেই ভূমিতেই চিরকাল বসবাস করবেন।”
ইসরায়েলের ওপর তীব্র সমালোচনা করে তিনি বলেন, “গাজায় আরও রক্ত ঝরিয়ে, শিশু হত্যা করে এবং মানুষকে ক্ষুধা ও ওষুধের অভাবে রেখে কেউ কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না—এই বাস্তবতাটি মেনে নেওয়া উচিত।”
এরদোয়ানের বক্তব্যে একদিকে যেমন দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে শান্তির বার্তা দেওয়া হয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যের এক দীর্ঘদিনের সংকটে মানবিক অবস্থান স্পষ্ট করেছেন তিনি।