রোববার, ২৯ মার্চ ২০২৬ | চৈত্র ১৫, ১৪৩২

রোববার, ২৯ মার্চ ২০২৬
চৈত্র ১৫, ১৪৩২

জয় পেয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি

শাহাদত হোসেন

প্রকাশিত: ২০২৫-০৪-২৯ ১৯:১৩:০৩

কানাডার সাধারণ নির্বাচনে লিবারেল পার্টির বিজয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া মার্ক কার্নি। তিনি বলেন, "আমেরিকা আমাদের দেশ, ভূমি, পানি এবং সম্পদ দখল করতে চায়—এটা কোনো ফাঁকা হুমকি নয়।"

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে অন্টারিওর অটোয়াতে দলের নির্বাচনী সদর দপ্তরে দেওয়া বিজয়ী ভাষণে মার্ক কার্নি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভাঙতে চাইছেন যাতে আমেরিকা আমাদের মালিকানা নিতে পারে। এটা কখনোই হবে না।” তিনি কানাডীয় নাগরিকদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মার্ক কার্নি বলেন, "কানাডা এখন ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রনির্ভর বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার ওপর কানাডা যে সমৃদ্ধি উপভোগ করেছে, সেই সময় শেষ হয়ে গেছে।"

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীত সম্পর্কের ইতি টেনে বলেন, “আমেরিকার বিশ্বাসঘাতকতার ধাক্কা থেকে আমরা শিক্ষা নিয়েছি। এখন নিজেদের সুরক্ষা আমাদের নিজেদেরই করতে হবে।”

বর্তমানে ৩৪৩ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। যদিও কার্নির দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রয়োজন হলে ছোট দলগুলোর সমর্থন নিয়ে জোট সরকার গঠন করতে হতে পারে। তবে দলীয় প্রধান হিসেবে তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে প্রায় নিশ্চিত।

SStv